বেলাল আহমদ, লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় নবগঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) লামা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস ফাউন্ডেশন -এর সাধারণ সম্পাদক এডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় মানবাধিকার রক্ষায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বক্তারা।
প্রধান অতিথি মোঃ মঈন উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে মানবাধিকার কর্মীদের ভূমিকা অপরিসীম। নবগঠিত এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে ছোট ছোট কাজ করে লামার সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠবে বলে মনে করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন -এর সহ-সভাপতি এডভোকেট সাদেকুল মাওলা, সহ-সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বডুয়া, লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও একাডেমিক প্রধান মুহাম্মদ তমিজ উদ্দিন।
সভায় (বিএইচআরএফ)এর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারি ২০২৬ ইং হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মহাসচিব এডভোকেট এ এম জিয়া হাবিব আহসান এর স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
পরিচিতি সভা শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।